রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজবে তুলে নেওয়া সেই সড়কের ইট ফেরত দিলেন অভিযুক্তরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজবে তুলে নেওয়া সেই সড়কের ইট ফেরত দিলেন অভিযুক্তরা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬



আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজবে তুলে নেওয়া সেই সড়কের ইট ফেরত দিলেন অভিযুক্তরা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজব ছড়িয়ে রাতের আঁধারে গ্রামীণ সড়কের ইট তুলে নেওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে অভিযুক্তদের। প্রশাসনের কঠোর বার্তা ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শেষ পর্যন্ত তুলে নেওয়া ইট স্বস্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে।

​রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত জামায়াত সমর্থক গোলাম কুদ্দুসের ভাতিজা মাসুদ মোল্যাসহ সংশ্লিষ্টরা সড়কে গিয়ে তুলে নেওয়া ইটগুলো ফেরত দিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া।

​এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের চর খোলাবাড়িয়া গ্রামের আলহেরা দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কের প্রায় ৩০০ মিটার অংশের ইট নদীভাঙনের অজুহাতে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। এতে রাস্তাটি খানাখন্দ ও কাদামাটিতে পরিণত হয়ে চর খোলাবাড়িয়া ও দিগনগর গ্রামের কয়েক শতাধিক মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

​এ নিয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই দিনই আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার মন্ডল সরেজমিন পরিদর্শন করে অভিযুক্তদের বাড়ি থেকে ইট উদ্ধারের সত্যতা পান এবং তিন দিনের মধ্যে ইট স্বস্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। একই দিন ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগীদের পক্ষে বাবুল শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দেন।

​গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রশাসনের কড়া অবস্থানের কারণে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই ইটগুলো পূর্বের স্থানে ফিরিয়ে দিতে বাধ্য হন অভিযুক্তরা।

বাংলাদেশ সময়: ২২:৩৮:১৬   ৯ বার পঠিত