
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাজী নজরুলের চার দিনের ও মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।
এই দুই আসামির সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার।
আজ বেলা ২টা ২০ মিনিটের দিকে একটি গাড়িতে করে আসামিদের আদালত প্রাঙ্গণে আনে পুলিশ। পরে তাঁদের আদালত তোলা হয়।
রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে গাজী নজরুলের ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ গতকাল রোববার সন্ধ্যায় উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি গাজী নজরুলের। তিনি এই ফ্ল্যাটে তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন। এ ঘটনায় গতকাল গভীর রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। মামলায় গাজী নজরুল, তাঁর প্রথম স্ত্রী মাকছুদাসহ তিনজনকে আসামি করা হয়। অপর আসামি হলেন মরিয়মের মামা ওবায়দুর রহমান।
আজ সকালে পুলিশ জানায়, এ মামলায় গাজী নজরুল ও মাকছুুদাকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি ওবায়দুর পলাতক।
আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, গাজী নজরুল ও মাকছুদাকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরিয়মের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৬:১৬:০৮ ৫ বার পঠিত