
পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সমন্বয় ও অংশীদারি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।
তিনি বলেছেন, সরকার নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেবে; তবে পর্যটন খাতের নেতৃত্ব, বিপণন ও ব্র্যান্ডিংয়ে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
মীর হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের পর্যটন সম্ভাবনা অনেক হলেও সমন্বয় ও যোগাযোগের ঘাটতি রয়েছে। বিচ্ছিন্নভাবে পর্যটন খাতের উন্নয়ন সম্ভব নয়। বিনিয়োগের প্রয়োজন, তা বাস্তবায়নের পদ্ধতি এবং সরকারের সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে সমন্বিত পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে ইতিবাচক প্রচারের ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও অন্যান্য ইতিবাচক দিক আন্তর্জাতিকভাবে তুলে ধরা প্রয়োজন।
পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের নিরাপত্তা ও পর্যটন সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। পর্যটনের আওতায় নতুন এলাকা আনতে পারলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য নতুন গন্তব্য তৈরি হবে।
বিদেশি পর্যটকদের চাহিদা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে বিমানবন্দরের লাগেজ ব্যবস্থাপনা, ইমিগ্রেশন ও কাস্টমসসহ বিভিন্ন সেবায় সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যেসব ক্ষেত্রে বেসরকারি খাত দক্ষতার সঙ্গে সেবা দিতে পারে, সেখানে সরকারি-বেসরকারি অংশীদারির মাধ্যমে তাদের সম্পৃক্ত করার সুযোগ রয়েছে। পর্যটন উন্নয়নে ভূমি অধিগ্রহণসহ প্রশাসনিক কার্যক্রম দ্রুত করতে অটোমেশন ও অনলাইন সেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পর্যটন খাতের বিভিন্ন অংশীজনকে নিয়ে নিয়মিত সমন্বয় সভার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মীর হেলাল বলেন, পর্যটনের উন্নয়নে একাধিক মন্ত্রণালয়, সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।
কক্সবাজারসহ গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় পর্যটন পুলিশের সক্ষমতা ও জনবল বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, পর্যটনকেন্দ্রের নিরাপত্তায় নিয়মিত পুলিশকে অতিরিক্ত দায়িত্ব দিলে তাদের অন্যান্য আইন-শৃঙ্খলা কার্যক্রমে প্রভাব পড়তে পারে।
সভায় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার, পরিকল্পনা কমিশনের সদস্য ড. নূরুন্নাহার চৌধুরীসহ সরকারি কর্মকর্তা, পর্যটন খাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামান।
বাংলাদেশ সময়: ২৩:০৯:৪১ ৬৭ বার পঠিত