ডেঙ্গুতে মৃত্যুর হার কমাতে দেশব্যাপী ১,৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গুতে মৃত্যুর হার কমাতে দেশব্যাপী ১,৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬



ডেঙ্গুতে মৃত্যুর হার কমাতে দেশব্যাপী ১,৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে মানসম্মত ডেঙ্গু চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের বিশেষজ্ঞ অধ্যাপক ও চিকিৎসকদের পরিচালনায় একযোগে ৪০টি জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে জরুরি ভিত্তিতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আজ সকালে ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত ‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ প্রশিক্ষণ উদ্বোধন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, চিকিৎসা বা ব্যবস্থাপনার ভুলে যেন কোনো ডেঙ্গু রোগীর প্রাণ না যায়, সেজন্যই চিকিৎসকদের বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণে দক্ষ করে মৃত্যুর হার শূন্যে নামানোর চেষ্টা চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন ও তৃণমূল থেকে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিরা ভার্চুয়ালি ও সরাসরি সংযুক্ত হন।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত কোনো মানুষ যাতে চিকিৎসার অভাবে বা ভুল ব্যবস্থাপনায় প্রাণ না হারান, সেজন্যই বিজ্ঞানভিত্তিক এ প্রশিক্ষণ। ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী চিকিৎসকদের দক্ষ করে তোলা হচ্ছে, যা মৃত্যুর হার কমিয়ে বহু প্রাণ রক্ষা করবে।’

স্বাস্থ্য খাতের সাফল্য ও চিকিৎসকদের নিরলস সেবার পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও বলেন, এবারের ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সীমিত সুযোগ-সুবিধা ও তীব্র রোগীর চাপের মধ্যেও চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে ইতোমধ্যেই ৫৯ হাজার ৮৩ জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এম এ মুহিত বলেন, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ৪ হাজার ৩০০ জন। তবে, রোগী বেড়ে গেলেও আক্রান্তদের প্রায় ৯৯ শতাংশ রোগীকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দিচ্ছেন দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

তিনি আরও বলেন, শুধু আবেগ বা অপরিকল্পিত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে একটি কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠতে পারে না। অতীতের অপরিকল্পিত অবকাঠামো উন্নয়ন বা হঠাৎ ঘোষণার পরিবর্তে এখন রোগতাত্ত্বিক তথ্য সংগ্রহ ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার মাধ্যমে চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে সমন্বিতভাবে সংকট মোকাবিলার উদ্যোগ নেওয়া হয়েছে।

চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও সামাজিক সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কোনো ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয়। সেবাদাতা ও জনগণের মধ্যে কোনো দূরত্ব থাকা উচিত নয়। চিকিৎসকদের যথাযথ সম্মান দিয়েই স্বাস্থ্য ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কার এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, মূল প্রশিক্ষণের আগে সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে প্রায় সাড়ে তিনশত সিনিয়র চিকিৎসককে ‘ট্রেইনার্স ট্রেনিং’ দেওয়া হয়, যারা এখন দেশের ৪০টি জেলায় একযোগে ১ হাজার ৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ প্রদান করছেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:০৬   ১৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী
ডেঙ্গুতে মৃত্যুর হার কমাতে দেশব্যাপী ১,৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডিজেলেই দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ