
জামালপুর প্রতিনিধি : সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সরিষাবাড়ী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় আরামনগর বাজারস্থ পুরাতন উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুরাতন পার্টি অফিসের সামনে থেকে নেতাকর্মীদের একটি বিশাল মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সরকার প্লাজার সামনে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম।
অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল এবং পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়েজুল কবির তালুকদার শাহিন বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ফরিদুল কবীর তালুকদার শামীম আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসী কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানান এবং রাজপথে সকল নৈরাজ্য মোকাবিলার হুঁশিয়ারি দেন। উক্ত কর্মসূচিতে সরিষাবাড়ী উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৮:১৬ ৭ বার পঠিত