![]()
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : চিকিৎসার আশায় কেউ এসেছেন দূর গ্রাম থেকে, কেউবা দীর্ঘদিনের ব্যথা-বেদনা নিয়ে। কারও প্রয়োজন ডায়াবেটিসের পরামর্শ, আবার কেউ এসেছেন পরিবারের অসুস্থ সদস্যকে নিয়ে। এক ছাদের নিচে চিকিৎসকের পরামর্শ পেয়ে স্বস্তি ফিরেছে অনেকের মুখে। এমনই এক মানবিক উদ্যোগে দিনভর প্রাণচাঞ্চল্যে মুখর ছিল আলফাডাঙ্গার রায়ের পানাইল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার রায়ের পানাইলে মধুমতি যুব উন্নয়ন সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. রিয়াজুল ইসলাম। তিনি মেডিসিন, বাত-ব্যথা, ডায়াবেটিস, মহিলা ও শিশু রোগসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।
দিন বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্প প্রাঙ্গণে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। নারী, শিশু ও বয়স্কদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বাড়ির কাছেই বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা।
চিকিৎসাসেবা নিতে আসা আনোয়ার হোসেন (৪৫), মোসুমি বেগম (৩৫), খাদিজা বেগমসহ একাধিক রোগী বলেন, বাড়ির কাছে এমন ফ্রি চিকিৎসাসেবার আয়োজন তাদের জন্য খুবই উপকারী হয়েছে। চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র বিনামূল্যে পেয়ে তারা আনন্দিত। সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ প্রয়োজনের সময়ে আশার আলো হয়ে এসেছে উল্লেখ করে তারা আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজনের প্রত্যাশা করেন।
মধুমতি যুব উন্নয়ন সংঘের সভাপতি মো. খসরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মানুষের সহযোগিতা ও ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বরকত ইসলাম ও মো. রাসেল, সাংগঠনিক সম্পাদক মো. মিলন মোল্যা, সমাজসেবা সম্পাদক মো. কনক শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।
মধুমতি যুব উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ জানান, ২০২৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। মানুষের পাশে দাঁড়ানোর এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২২:২৯:০২ ৮ বার পঠিত