মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬



---

নিজস্ব প্রতিবেদক : মানুষ যেন দ্রুত সরকারি সেবা পায়, সে লক্ষ্যেই গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে গৃহায়ন ও গণপূর্ত খাতে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেবামূলক কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনার মাধ্যমে রাজউকে মাত্র ২৪ দিনের মধ্যে ভবন নির্মাণের প্ল্যান বা নকশা পাসের ব্যবস্থা করার চেষ্টা চলছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নবনির্মিত ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’-এর ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

রাজউকে দুর্নীতি দমন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের তুলনায় বর্তমান রাজউকের সেবা অনেক বেশি স্বচ্ছ ও জনবান্ধব হবে এবং আগের চেয়ে রাজউকের সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, মোস্তাফিজুর রহমান দিপু ও আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ফতুল্লার আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত কোয়ার্টার পরিদর্শন করেন। পরে তিনি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণপূর্ত বিভাগ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:২২:৩৬   ২২ বার পঠিত