![]()
কালকিনি প্রতিনিধি: দেশে ভয় দেখিয়ে ও অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগ আর মাঠে প্রতিষ্ঠিত হতে পারবে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যুদ্ধেের বিরুদ্ধে কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমপি খোকন বলেন, “সারা দেশে আবার ফ্যাসিবাদের দোসরদের হুমকি-ধমকি ও প্রশাসনের ওপর আঘাত শুরু হয়েছে। আবারও সেই বোমার আওয়াজ এবং গাড়ি পোড়ানোর চেষ্টা চলছে। তবে এসব করে কোনো লাভ হবে না। এ দেশের মানুষ ফ্যাসিবাদের বিদায় ঘণ্টা বাজিয়েছে। নতুন করে যারা গণতন্ত্র ও স্বাধীনতা নস্যাৎ করতে চায়, জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে।”
বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর রাজপথে সংগ্রাম করে হাজারও নেতা-কর্মীর ত্যাগ ও কারাবরণের মাধ্যমে আজ সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে। অথচ একটি মহল নতুন সরকার গঠিত হতে না হতেই রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।” এনসিপি নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “জাতীয়তাবাদী শক্তির উপস্থিতি আছে বলেই অনেকে আজ বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছেন। বিএনপি মাঠে সতর্ক আছে বলেই স্বৈরাচারী শক্তি আর মাথাচাড়া দিতে পারছে না।”
সমাবেশ শেষে কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন এমপি খোকন তালুকদার।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, শামিম মোল্লা, শ্রমিক দল নেতা মোশারফ হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নান্না শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসান, যুবদল নেতা তুহিন এবং পৌর ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৭:১১:০৪ ৩৮ বার পঠিত