![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের ইকবালপুর মসজিদ সংলগ্ন রাস্তায় নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ তৈরির অপরাধে এক বাড়িওয়ালাকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ইকবালপুর মসজিদের সামনের রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. ইমন হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ইকবালপুর মসজিদের সামনের ব্যস্ত সড়কে দীর্ঘদিন ধরে ইট, বালু ও রডসহ নানা ধরনের নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছিল। এতে ওই সড়কে পথচারী ও যানবাহন চলাচলে চরম ব্যাঘাত ঘটছিল। স্থানীয়দের ভোগান্তির বিষয়টি নজরে আসলে আজ সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে ঘটনার সত্যতা পেয়ে সংশ্লিষ্ট বাড়ির মালিককে দায়ী করে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবিলম্বে রাস্তা থেকে সকল নির্মাণসামগ্রী সরিয়ে পথচারীদের চলাচলের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন জানান, জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
বাংলাদেশ সময়: ২২:২৫:২২ ২৪ বার পঠিত