নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » গাজীপুর » নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



---

নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা, দেশপ্রেম ও মুক্তির চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের হলরুমে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, প্রেম ও মুক্তির চিরন্তন কবি। তার সাহিত্য, সংগীত ও জীবনদর্শন যুগে যুগে বাঙালির চেতনাকে জাগ্রত ও উদ্দীপ্ত করেছে। অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার সাহসী উচ্চারণ আজও সমানভাবে প্রাসঙ্গিক।

তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে নজরুলের মানবিক, উদার ও অসাম্প্রদায়িক দর্শন ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার পরিধি আরও বিস্তৃত করতে হবে।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন পর্যায়ে বছরব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সেমিনার এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নানা আয়োজন। এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে জাতীয় কবির সাহিত্য, সংগীত, দর্শন ও জীবনাদর্শের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত ও সম্পৃক্ত করা।

প্রতিমন্ত্রী আরও বলেন, নজরুলের সৃষ্টিকর্মকে শুধু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। তার সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির দর্শন সমাজে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, একটি মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ সমাজ বিনির্মাণে নজরুলের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় প্রেরণা হতে পারে।

এ সময় তিনি তরুণ প্রজন্মকে নজরুলের জীবন ও সাহিত্যকর্ম গভীরভাবে পাঠ ও গবেষণার পাশাপাশি সংগীত, কবিতা, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিশিষ্ট নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৩৩   ৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন
আনসার একাডেমী পরিদর্শন করলেন মরক্কো-সিঙ্গাপুরসহ ৪ দেশের রাষ্ট্রদূত
কালিয়াকৈরে ভেন্ডিং মেশিন উদ্বোধন করলেন গাজীপুরের ডিসি
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ