![]()
উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
আজ বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট পৌরসভা দল ২-০ গোলে হারায় আক্কেলপুর উপজেলা দলকে। দীর্ঘদিন পর জেলা পর্যায়ে এমন বড় টুর্নামেন্টে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত খেলোয়াড়রা।
আয়োজকরা জানান, জেলা ও তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ফুটবলারদের দক্ষতা বৃদ্ধি করে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের তারকা খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক যাদব সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য গোলজার হোসেন, এ ডি এম মোহাইমেনা শারমিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান এবং জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারসহ আরও অনেকে।
জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভাসহ মোট ৮টি দল নক-আউট পদ্ধতিতে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
আগামী ২ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২২:৩৬:১২ ৮ বার পঠিত