
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(১০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মোসাদ্দেছ আলীর ছেলে মো. কবির হোসেন (২৯)। তিনি সরিষাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ও আওনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ মে বৃহস্পতিবার রাতে ২নং পোগলদিঘা ইউনিয়নের বিন্যাফৈর নতুন বাজারে অবস্থিত ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় বন্ধ করে নেতাকর্মীরা বাড়ি ফেরেন। পরবর্তী সময়ে ১৬ মে শনিবার ভোরে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে কার্যালয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্যের ছবি সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে সিডিএমএস (CDMS) যাচাই করে সরিষাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ধারায় আরও একটি মামলার তথ্য পাওয়া গেছে। অপরাধের সাথে সম্পৃক্ততার প্রমাণ থাকায় এবং জামিনে মুক্তি পেলে পালিয়ে যাওয়ার আশঙ্কা থেকে আদালতে জামিনের তীব্র বিরোধিতা করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:১২:৪২ ২৫ বার পঠিত