
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যেসব ইসলামী দল আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী সর্বাগ্রে।
শুক্রবার নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মানুষের সঙ্গে আচরণে সদা সম্মান প্রদর্শন করা ও নৈতিক মানে সংবর্ধিত হওয়ার নীতিই কৌশল। তাই সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল ও জনশক্তিকে সামাজিক-মানবিক কর্মকাণ্ড বাড়িয়ে জনসম্পৃক্ততা অর্জনের পাশাপাশি অবৈধ উপার্জনের চিন্তামুক্ত থেকে ব্যবসায়িক লেনদেনে শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে হবে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় আয়োজিত এ শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন- জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল এবং জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নানসহ স্থানীয় নেতারা।
বাংলাদেশ সময়: ২৩:১২:৪৮ ৩ বার পঠিত