শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি

প্রথম পাতা » খেলাধুলা » এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬



এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি

কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে জয় দিয়ে উয়েফা নেশনস লিগ শুরু করেছে ফ্রান্স।

গতরাতে গ্রুপ-এ১-এ নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্স ১-০ গোলে হারিয়েছে তুরস্ককে।

ফ্রান্সের জয়ের রাতে একই গ্রুপে হার দিয়ে নেশনস লিগ শুরু করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরেছে ইতালি।

তুরস্কের কোকায়েলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৭ মিনিটে গোলের সুযোগ পান এমবাপ্পে। মাইকেল ওলিসের পাস থেকে বক্সের ভেতর থেকে এমবাপ্পের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

২৭ মিনিটে প্রথম গোলের ভালো সুযোগ পায় তুরস্ক। আর্দা গুলারের ক্রস থেকে হেড নেন ফার্দি কাদিয়োগলু। তার হেডে বল ফ্রান্সের গোলরক্ষক মাইক মেইগনানের হাতে জমা পড়ে।
এরপর প্রথমার্ধের বাকি সময়ে আরও কিছু আক্রমণ করেও গোল কোনো দলই পায়নি। ফলে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে মধ্যমাঠ দখলে নিয়ে ম্যাচের ৫৪ মিনিটে গোল পেয়ে যায় ফ্রান্স। ডি-বক্স থেকে ওলিসের বাড়ানো বলে নিখুঁত শটে গোল করেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে এই নিয়ে ১০৭ ম্যাচে ৬৭তম গোল করলেন এমবাপ্পে। গোল করেই হাঁটুতে অস্বস্তিবোধ করায় মাঠে পড়ে যান এমবাপ্পে। মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়েও উপকার পাননি তিনি। ফলে হাঁটুর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। তার বদলি হিসেবে মাঠে নামেন দেজিরে দুয়ে।

৮৭ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল ফ্রান্স। মধ্যমাঠ থেকে বল পেয়ে তুরস্কের বক্সের ভেতর যাওয়ার চেষ্টা করেন বদলি স্ট্রাইকার বাহডলে বাহকোলা। কিন্তু পোস্ট ছেড়ে ডি-বক্সের বাইরে বেরিয়ে বাহকোলাকে রুখে দেন তুরস্কের গোলরক্ষক উগুরজান চাকির।

ভিএআর রিপ্লেতে দেখা যায়, হাত দিয়ে বল স্পর্শ করেন চাকির। এজন্য চাকিরকে লাল কার্ড দেখান রেফারি। এতে ১০ জনের দলে পরিণত হয় তুরস্ক।

ম্যাচের বাকী সময়ে তুরস্ক গোল পরিশোধ করতে না পারলে এমবাপ্পের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

এই ম্যাচ দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে পথচলা শুরু হলো জিনেদিন জিদানের। দেশের হয়ে ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। কোচ হিসেবে জয়ে শুরু করতে পারায় রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন জিদান। ৩২ বছর পর ফ্রান্সের কোন কোচ জয় দিয়ে তার পথচলা শুরু করলেন। সর্বশেষ ১৯৯৪ সালে কোচ হিসেবে প্রথম ম্যাচেই জয় পেয়েছিলেন এমে জ্যাক। ওই ম্যাচ ইতালির বিপক্ষে ১-০ গোলে জিতেছিল ফ্রান্স।
এদিকে, ঘরের মাঠ রোমে বেলজিয়ামের মুখোমুখি হয় ইতালি। ম্যাচের ২০ মিনিটে মিকা গটসের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম।

৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করে বেলজিয়াম। বক্সের বাইরে থেকেই বাঁ পায়ের জোরালো শটে বল ইতালির জালে পাঠান ডোডি লুকেবাকিও। আন্তর্জাতিক অঙ্গনে এটি সপ্তম গোল লুকেবাকিওর।

২-০ গোলে পিছিয়ে পড়েও ম্যাচে বাকী সময় গোলের দেখা পায়নি ইতালি। তাই ম্যাচ হার দিয়ে লিগ শুরু করতে হলো তাদের। সেই সাথে রবার্তো মানচিনির শুরুটাও সুখকর হলো না।

২০২৩ সালে দায়িত্ব ছাড়ার পর আবার ইতালির কোচ হিসেবে ফিরেছেন মানচিনি।

বাংলাদেশ সময়: ১৭:৫০:৫৪   ৯ বার পঠিত