শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬



ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরখোলাবাড়িয়ায় রাস্তা থেকে প্রায় দেড় থেকে দুই লাখ ইট তুলে নিয়ে যাওয়ার অভিযোগে কুদ্দুসকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দিগনগর ঘাট থেকে ট্রলারযোগে মধুমতি নদীর ভাঙনকবলিত চরখোলাবাড়িয়া এলাকা পরিদর্শন করেন তিনি। পরে আল হেলা দাখিল মাদ্রাসার হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, আমি পুলিশ প্রশাসনকে বলব, ইউএনওকে বলব,অনতিবিলম্বে কুদ্দুসকে গ্রেপ্তার করতে হবে।” তিনি বলেন, রাস্তা থেকে বিপুল পরিমাণ ইট তুলে নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

নদীভাঙনের ভয়াবহতার কথা তুলে ধরে তিনি বলেন, আপনারা আমাকে ভোট না দিলেও আমার মনটা আমার এলাকার মানুষের জন্য কাঁদে। মানুষের বাড়িঘর, চাষাবাদের জমি, বসতভিটা, সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আপনারা যেমন চোখের পানি ফেলছেন, আমার চোখ দিয়ে হয়তো পানি পড়ছে না, কিন্তু আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

তিনি আরও বলেন, চরখোলাবাড়িয়ার নদীভাঙন রোধে সংশ্লিষ্ট প্রকৌশলী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন। পরদিন পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে দেখা করে ভাঙন পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করবেন বলেও জানান।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, যা ভেঙেছে, তা তো ভেঙেই গেছে। কিন্তু সামনে আর ভাঙন রোধ করা যায় কি না, সেই চেষ্টার জন্য কাল থেকেই আমি লাগব।

এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “উপায় নাই ভাই, ধৈর্য ধরতে হবে। একমাত্র আল্লাহর কাছে আল্লাহর রহমত চাইতে হবে।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নূরুজ্জামান খসরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন, প্রচার সম্পাদক নিয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. লিটন মোল্যা, বিএনপি নেতা রবিউল ইসলাম ও স্থানীয় বাসিন্দা আল আমিন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:১৯   ৭ বার পঠিত