
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে একটি বোমা সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এক পথচারী ওভারপাসে সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।
স্থানীয় সূত্রে জানা যায়, লাল টেপে মোড়ানো এবং দুই পাশে একাধিক জোড়া বৈদ্যুতিক তার যুক্ত ওই বস্তুর ওপরে হাতে লেখা রয়েছে ‘বিপদজনক’। শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি করার জন্যই কে বা কারা এটি সেখানে রেখে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন। এ ছাড়া এসআরবি (SRB) জামালপুর ক্যাম্পের একটি দলও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
নিরাপত্তার স্বার্থে পুলিশ, এসআরবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে। বোমা ডিসপোজাল ইউনিট আসার পর এটি আসল নাকি নকল বোমা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ময়মনসিংহ থেকে বোমা ডিসপোজাল ইউনিট আসছে। তারা আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে বলতে পারবে বস্তুটি আসলে কী। সে পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩৭ ৩ বার পঠিত