সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্ত করেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্ত করেন স্পীকার
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬



সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্ত করেন স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশের আনাচেকানাচে মৎস্য চাষের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকে পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় ও বঙ্গোপসাগরীয় এলাকা মৎস্য উৎপাদন এবং আহরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আজ (সোমবার) সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্তকরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্ত করেন স্পীকার

অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপি’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া।

স্পীকার বলেন, সংসদ ভবন লেকে মাছ চাষের মাধ্যমে গ্রামাঞ্চলের জনগণকে উৎসাহিত করা হচ্ছে। এর মাধ্যমে এদেশের জনগণ মৎস্য সম্পদ উৎপাদনে আগ্রহী হবেন।

জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ-মাংসের উৎপাদন বৃদ্ধিতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘আমাদের সন্তান থাকুক দুধে-ভাতে’ এবং ‘মাছে-ভাতে বাঙ্গালি’ বাস্তবায়নে দেশের সকল আনাচে-কানাচে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে।

উল্লেখ্য, সংসদ ভবন লেকে মোট ১২০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে। এরই ধারাবাহিকতায় আজ ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:০৫   ৩ বার পঠিত