সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শত বছরের ঐতিহ্যবাহী বাউল গান বন্ধ করল তৌহিদি জনতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শত বছরের ঐতিহ্যবাহী বাউল গান বন্ধ করল তৌহিদি জনতা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬



শত বছরের ঐতিহ্যবাহী বাউল গান বন্ধ করল তৌহিদি জনতা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে প্রায় ১০ বছর ধরে চলে আসা বাৎসরিক ‘বিচারগান’ বন্ধ করে দিয়েছে তৌহিদি জনতা। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার চর মানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ গ্রামের ইসলাম সিপাহির বাড়িতে অবস্থিত আশেকপাক দরবার শরীফে এ বিচার গান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ শনিবার গানের অনুষ্ঠান বন্ধের তথ্য নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইসলাম সিপাহির বাড়িতে প্রতিবছর বিচারগানের আয়োজন করা হয়ে আসছিল। তবে অনুষ্ঠানটিকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের আপত্তি রয়েছে। তাদের অভিযোগ বিচারগানের নামে ইসলামবিরোধী কর্মকাণ্ড পরিচালিত হয়। এ নিয়ে গতকাল এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনুষ্ঠানটি বন্ধ করে দেয় পুলিশ।

গান বন্ধের দাবিতে তৌহিদি জনতার পক্ষে ওই এলাকার মাওলানা মামুনুর রশিদ (৫৬) নামে এক ব্যক্তি সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন বলে জানা গেছে। এ বিষয়ে তার বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রেজাউল করিম বলেন, ‘গত বছরও হুজুরদের বাধার কারণে গান অনুষ্ঠিত হয়নি। এ বছরও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কি কারণে গান বন্ধ করা হয়েছে তা আমি জানি না।’

দরবারের পরিচালক ইসলাম সিপাহির ছেলে ইকরাম সিপাহি মোবাইলে বলেন, ‘আমাদের বাড়িতে প্রতিবছর এই গানের আয়োজন করা হয়। গত দুই বছর ধরে এ অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে। স্থানীয় কিছু হুজুর পাশাপাশি পার্শ্ববর্তী মাদারীপুরের শিবচর উপজেলার সন্যাসীরচরের কিছু লোকজনও গানে বাধা সৃষ্টি করছেন।’

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ‘ওই এলাকায় গান আয়োজনের পক্ষে-বিপক্ষে থাকা লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গানটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:০৭   ৪ বার পঠিত