মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ

লন্ডনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেছে বাংলাদেশ। একই সঙ্গে বঙ্গোপসাগরের ২৬টি অফশোর ব্লক নিয়ে চলমান বিডিং রাউন্ডে আন্তর্জাতিক তেল-গ্যাস কম্পানিগুলোকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লন্ডনে অনুষ্ঠিত সামিটের স্ট্র্যাটেজিক স্টেজে ‘মিনিস্টেরিয়াল অ্যাড্রেস’-এ এসব বিষয় তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের দ্রুত বাড়তে থাকা জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস ও জ্বালানি সম্পদের অনুসন্ধান এবং উৎপাদন বাড়াতে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে আন্তর্জাতিক তেল ও গ্যাস কম্পানিগুলোকে বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এ অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

চলমান বিডিং রাউন্ডে বঙ্গোপসাগরের ১১টি অগভীর সমুদ্র ব্লক ও ১৫টি গভীর সমুদ্র ব্লকসহ মোট ২৬টি ব্লক আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সামিটে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরেন। তিনি সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা, বিনিয়োগের ক্রমবর্ধমান গতি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সরকারের সহায়ক নীতিগুলো তুলে ধরেন।

উপস্থাপনায় বাংলাদেশের তুলনামূলকভাবে অনাবিষ্কৃত অফশোর জ্বালানি সম্ভাবনা, আধুনিক সিসমিক তথ্যের প্রাপ্যতা এবং অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি)-২০২৬ প্রতিযোগিতামূলক বাণিজ্যিক শর্তগুলোও তুলে ধরা হয়।

বাংলাদেশের প্রতিনিধিদল আন্তর্জাতিক জ্বালানি কম্পানিগুলোকে দেশের ভূতাত্ত্বিক ও সিসমিক তথ্য পর্যালোচনা এবং চলমান বিডিং রাউন্ডে অংশগ্রহণের জন্য সরকার ও পেট্রোবাংলার সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানায়।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৪৩   ৮ বার পঠিত