![]()
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মাদকমুক্ত দেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।
আজ সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুম কাঞ্চনে আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, দিনাজপুর দেশের বড় জেলাগুলোর মধ্যে একটি। এই জেলায় অনেকাংশেই সীমান্ত এলাকা রয়েছে। বিগত সরকারের সময়ে সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশ করায় দেশের যুবসমাজের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সর্বস্তরে উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, মাদকের ব্যাপারে কোনো ধরনের আপস নেই। সরকার মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। যারা মাদক কারবারি, গডফাদার ও বিক্রয়কারী এবং মাদক সেবনের সঙ্গে জড়িত— কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না।
মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকমুক্ত একটি সমাজ গড়ে তোলা সম্ভব।
আইন তার নিজস্ব গতিতে চলবে উল্লেখ করে তিনি বলেন, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্য যে দলেরই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া যাবে না।
জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন ডা. মো. গোলাম রসূল রাখি, দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান।
সভায় অন্যদের মধ্যে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:১২:০৪ ২ বার পঠিত