বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

সদরপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ, উৎসবে মুখর ক্যাম্পাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ, উৎসবে মুখর ক্যাম্পাস
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



সদরপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ, উৎসবে মুখর ক্যাম্পাস

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে ফরিদপুরের ঐতিহ্যবাহী সদরপুর সরকারি কলেজ ক্যাম্পাস। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে জমকালো নবীনবরণ অনুষ্ঠান।

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টায় কলেজ মাঠে নির্মিত বিশাল প্যান্ডেলে মনোজ্ঞ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ এনামুল হক।

কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলীর পক্ষে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ফখরুল ইসলাম আনোয়ারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলী আহম্মেদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান জনি এবং ইংরেজি বিভাগের প্রভাষক সৈয়দ আমিনুল হক।

অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শামীম শিকদার, সহ-সভাপতি শাহীন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. হাসান সরদার। এ সময় উপজেলা ছাত্রদল নেতা নজরুল কবির নিরব, মো. তুষার মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবীনদের হাতে প্রসপেক্টাস ও শিক্ষা উপকরণ

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কলেজের পক্ষ থেকে তাদের হাতে প্রসপেক্টাসসহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শপথ গ্রহণ ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ

এবারের নবীনবরণ অনুষ্ঠানের অন্যতম ব্যতিক্রমী ও আকর্ষণীয় আয়োজন ছিল নবীন শিক্ষার্থীদের শপথ গ্রহণ। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ এনামুল হকের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীরা তাদের হাতে থাকা প্রসপেক্টাসের শেষ পৃষ্ঠায় মুদ্রিত ‘শপথ বাক্য’ পাঠ করেন।

শিক্ষাজীবনের শুরুতেই শৃঙ্খলা, নৈতিকতা, দায়িত্ববোধ ও আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়ার এ আয়োজন নবীন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

নবীনদের পদচারণা, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশে সদরপুর সরকারি কলেজের পুরো ক্যাম্পাস পরিণত হয় আনন্দের মিলনমেলায়। নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে তাদের উচ্চশিক্ষার নতুন অধ্যায়েরও আনুষ্ঠানিক সূচনা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৫৫   ৫ বার পঠিত