![]()
রাজশাহী রেলওয়ে স্টেশন ভাংচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, যারা পরিস্থিতি খারাপ করার জন্য অকারণে রাজশাহী রেলওয়ে স্টেশনের সরকারী সম্পদেও ওপর হামলা ও ভাংচুর চালিয়ে নষ্ট করেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী শান্তির শহর। এখানে সবাই মিলেমিশে থাকে। কিন্ত একটি বিষয়কে কেন্দ্র করে উস্কানির ভিত্তিতে রাজশাহী রেলওয়ে স্টেশন ভাংচুর করা হয়েছে। যারা করেছে এটা ঠিক করেনি। সরকারী সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই।
তিনি বলেন, এ ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এই কমিটির রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শন কালে তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান এবং অবকাঠামোগত ভাংচুর পরিস্থিতি ঘুরে ঘুরে দেখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:১৪:৩২ ৭ বার পঠিত