শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

প্রথম পাতা » খুলনা » তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।

তিনি বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতিচর্চা একটি কার্যকর হাতিয়ার। এ লক্ষ্যকে সামনে রেখে সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।

আজ মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী হাডুডু, কাবাডি, দাঁড়িয়াবান্ধা, নৌকাবাইচসহ দেশীয় খেলাধুলা ও লোকঐতিহ্য আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এসব ঐতিহ্যবাহী খেলাধুলাকে আরো জনপ্রিয় ও বিস্তৃত করতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

তিনি নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত নৌকাবাইচসহ ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, পুলিশ কেবল জনগণের বন্ধু ও নিরাপত্তার রক্ষকই নয়, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নেও বাংলাদেশ পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি আরো বলেন, জনগণের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক আরও সুদৃঢ় করতে কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি এ ধরনের সময়োপযোগী ও জনসম্পৃক্ত আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৫) অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান খিজিল।

এর আগে সংস্কৃতি মন্ত্রী ভাষা শহীদদের স্মরণে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে নির্মাণাধীন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ২২:৩২:১৩   ৬ বার পঠিত