রবিবার, ৪ অক্টোবর ২০২৬

স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ক্যারেজ-এর তুলনায় মালবাহী ক্যারেজ বৃদ্ধির মাধ্যমে রেলের আয় বৃদ্ধির জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেছে।

একইসাথে বাংলাদেশ থেকে কার্গো এক্সপোর্টের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের আয় বৃদ্ধির জন্য সুপারিশ করা হয়। একইসাথে, রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

আজ রোববার কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার, এমপির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত প্রথম বৈঠকে এ নির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটি সদস্য শেখ রবিউল আলম, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কমিটি সদস্য হাবিবুর রশিদ, সংসদ সদস্য মো. আব্দুল মহিত তালুকদার, ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, মো. আবু সাইদ চাঁদ, মো. রবিউল আওয়াল, মু. মিজানুর রহমান, মুহাম্মদ আজীজুর রহমান এবং মো. গোলাম রব্বানী অংশগ্রহণ করেন।

রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বৈঠকে উপস্থাপন করা হয়। মন্ত্রণালয় কর্তৃক রেল পরিদর্শন অধিদপ্তর এবং কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সম্পর্কিত তথ্যাদি এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি বৈঠকে তুলে ধরা হয়।

এসময় বাংলাদেশ রেলওয়ে রেলের বিদ্যমান ডিজিটাল পরিষেবা, স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণ, ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ এবং পঞ্চগড়-কক্সবাজার প্রস্তাবিত রুটের অগ্রগতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যবৃন্দের সাথে জাতীয় সংসদ সচিবালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচিত অনুষ্ঠিত হয়।

সভাপতি তাঁর বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বৈঠকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ এর জুলাই গণ অভ্যুত্থানে নিহত জুলাইযোদ্ধাদের স্মরণ এবং আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩১:০৬   ৩ বার পঠিত