
আদালতে মামলার চাপ কমানো এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করতে দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, ন্যায়বিচারে প্রবেশাধিকার কোনো বিশেষ শ্রেণির মানুষের বিশেষাধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে (এডিআর) অগ্রাধিকার দিয়েছে। বিশেষ করে লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টের আওতায় প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে বিরোধ দ্রুত, শান্তিপূর্ণ ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।আজ রাজধানীর একটি হোটেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ উদ্যোগে আয়োজিত ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত আনুষ্ঠানিক মামলা-মোকদ্দমা সাধারণ পরিবারগুলোর ওপর, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের ওপর ব্যাপক আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করে আসছে। এ পরিস্থিতির পরিবর্তনে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হচ্ছে।
প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, যোগ্য মধ্যস্থতাকারী এবং আস্থাশীল প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম নিশ্চিত করা গেলে হাজার হাজার নাগরিক মামলা-মোকদ্দমার পরিবর্তে সংলাপ ও সমঝোতার পথ বেছে নেন। পারিবারিক ও দেওয়ানি বিরোধের উল্লেখযোগ্য একটি অংশ প্রাক-মামলা পর্যায়েই নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। এর ফলে নতুন মামলা দায়েরের হার কমার পাশাপাশি আনুষ্ঠানিক বিচারব্যবস্থার ওপর চাপ কমাতেও সহায়তা মিলছে।
আইনমন্ত্রী বলেন, পাইলট প্রকল্পের সাফল্যকে এবার স্থায়ী জাতীয় ব্যবস্থায় রূপ দিতে হবে। এ লক্ষ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় দেশের ৬৪টি জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। সমাজে সৌহার্দ্যপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি গড়ে তোলাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
জাপান সরকার ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন খাতে জাপানের কারিগরি সহযোগিতা ও অব্যাহত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির উপস্থিতি দুই দেশের গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন।
বাণিজ্যিক আদালত আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ বিদেশি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে বাণিজ্যিক আদালত আইনের খসড়া পুনর্গঠন করা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশের বিচারিক বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন। দেশে বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থে আদালত বা আইনি প্রক্রিয়ার কোনো অপব্যবহার অনুমোদন করা উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন।
অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ লিগ্যাল এইডের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন এবং বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো। এ ছাড়া প্রকল্পের প্রধান উপদেষ্টা ফুজিওকা তাকুরো প্রকল্পের গুরুত্বপূর্ণ অর্জন ও প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রমের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন।
এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাইকার মধ্যে অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
সম্মেলনে আইন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তা, লিগ্যাল এইড অফিসার, আইনজীবী, জাইকার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:৪৬:১১ ২২ বার পঠিত #জাইকা #প্রাক-মামলা মধ্যস্থতা #বাংলাদেশ লিগ্যাল এইড #মোঃ আসাদুজ্জামান