
“সেবার ব্রতে চাকরি” স্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রতিনিধি ড. মাসুরা বেগম, এআইজি (এমটি অ্যান্ড ওয়ার্কশপ) এবং নিয়োগ বোর্ডের সদস্য জনাব শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), গাজীপুর; জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মানিকগঞ্জ; জনাব ডাঃ শহিদুল ইসলাম খান ও ডাঃ জাহানারা আক্তার, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে চাকরিপ্রত্যাশীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় পুলিশ সুপার চাকরিপ্রার্থীদের উদ্দেশে বলেন, “কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবে। যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবে তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পরে।”
প্রথম দিনে নারী ও পুরুষ মিলিয়ে মোট ৩২২ জন প্রার্থী অংশ নেন। তাঁদের মধ্যে প্রাথমিক বাছাই পরীক্ষায় ২২২ জন উত্তীর্ণ হয়েছেন। আগামী ২০ ও ২১ নভেম্বর ২০২৬ তারিখে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (শারীরিক সক্ষমতা পরীক্ষা)-এ অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ সময়: ১৮:৪৫:২২ ২৩ বার পঠিত #টিআরসি নিয়োগ ২০২৬ #ট্রেইনি রিক্রুট কনস্টেবল #নারায়ণগঞ্জ পুলিশ