রবিবার, ৪ অক্টোবর ২০২৬

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

মোহাম্মদ সেলিম উদ্দিনকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং মো. আবু সাদিককে (সাদিক কায়েম) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার রাজধানীর মধুবাগে দলের এক অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিনকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করেছি আমরা। তিনি খাল, নর্দমা যেখানে ডেঙ্গুর মশার চাষ হয় সেগুলো পরিচ্ছন্ন করতে অভিযান শুরু করেছেন।’

ঢাকা দক্ষিণ সিটিতে সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে শফিকুর রহমান বলেন, ‘সাদিক কায়েম কী জিনিস, ইতিমধ্যে বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে।…ডাকসু যেভাবে মনের মতো করে সাজিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে, সে ঢাকা দক্ষিণকেও ইনশা আল্লাহ সে রকমই মনের মতো করে সাজাবে।’

রোববার থেকে আগামী শনিবার পর্যন্ত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন’ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমকে পরিচয় করিয়ে দেন জামায়াত আমির।

শফিকুর রহমান বলেন, ‘ডেঙ্গুর আগে হামে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। বর্তমান সরকার অতীতের সরকারগুলোকে দায় দিয়েছে। কিন্তু তারা সাত মাসে কী করেছে? এখনো হামে শিশু মারা যায় কেন? সরকার যেন ব্যর্থতা স্বীকার করে নেয়।’

জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান (মিলন), ঢাকা উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৮   ১০ বার পঠিত