বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্রয়োদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



ত্রয়োদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি এ, কে, এম, ফজলুল হক মিলন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মোঃ জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মোঃ আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ও জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মপরিধি ও বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয়।

কমিটি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে কোন
অনিয়ম,দুর্নীতি ও ব্যত্যয় যেন না ঘটে সেজন্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাকে সতর্কতার সাথে কাজ করতে সুপারিশ করে।

কমিটি প্রবাসী কর্মীরা এয়ারপোর্টে পৌঁছার পর কোন রকম অবহেলা বা হয়রানির শিকার যেন না হয় সে ব্যাপারে নজর রাখতে সুপারিশ করে।

বৈঠকে উল্লেখ করা হয় ২০২৬ সালে(১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪,৩২,৭৮৬ জন কর্মী প্রেরণ করা হয়েছে। তন্মধ্যে মহিলা কর্মী ৩৬,৫৯০ জন।

২০২৬ সালে(১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) রেমিটেন্স প্রবাহ ছিল ২৪.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। যা পূর্বের তুলনায় প্রায় ২.৮০ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে।

বৈঠকে আরো উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২জন নারী ও ০৮ জন শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

এছাড়াও বৈঠকে জানানো হয় সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্ট এবং বোয়েসেল (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড) কর্তৃক বিদেশে কর্মী প্রেরণ করা হয়ে থাকে। বর্তমানে রিক্রুটিং এজেন্সির মোট সংখ্যা ২৮৬০টি। এরমধ্যে সচল রয়েছে ২১৮৭টি।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৩:০৫   ৯ বার পঠিত