![]()
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শহিদ আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি। হাজারো শহিদের আত্মত্যাগের বিনিময়ে একটি সাম্য, স্বাধীনতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে বর্তমান দেশপ্রেমিক গণতান্ত্রিক জাতীয়তাবাদী সরকার অঙ্গীকারবদ্ধ।
আজ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, আবু সাইদ গণতান্ত্রিক আন্দোলনের পথিকৃৎ। তাঁর আত্মত্যাগ স্ফুলিঙ্গের মতো দেশব্যাপী ছড়িয়ে পড়েছিলো যার ফলশ্রুতিতে দীর্ঘদিন জাতির স্কন্ধে চেপে বসা স্বৈরাচারের পতন ঘটেছিলো। আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে তাঁর আত্মত্যাগ সম্পর্কে জানতে সহায়তা করবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে শহিদ আবু সাঈদ গেট নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, এ পথ দিয়ে যাঁরা চলাচল করবেন, তাঁরা আবু সাঈদকে অনুভব এবং উপলব্ধি করতে পারবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলীসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক; সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী রংপুর শিল্পকলা একাডেমিতে রংপুর জেলা বিএনপি’র প্রয়াত সদস্য সচিব মরহুম আনিসুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় যোগ দেন।
বাংলাদেশ সময়: ২৩:০০:৩৫ ১২ বার পঠিত