ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতে হবে। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এদেশ সবার, তাই পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়ে সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে।

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, ঈদ ও পূজা আমাদের সবার উৎসব। আমরা একে অপরের পাশে দাঁড়াব, সহযোগিতা করব এবং সম্প্রীতির এই সুন্দর সম্পর্ক ধরে রাখব। কোনো ধরনের দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মন্ত্রী সবার প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরো বলেন, অতীতেও মানিকগঞ্জে দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করতে সম্মিলিতভাবে কাজ করা হয়েছে। আগামী দুর্গাপূজাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও শ্মশানঘাটের উন্নয়নসহ বিভিন্ন সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরেন এবং প্রয়োজনীয় উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে প্রতিটিতে জিআর কর্মসূচির আওতায় ছয়’শ কেজি চাল বিতরণ করা হয়। এছাড়া পৌরসভার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের চারটি সংগঠনকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

এরপর পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে পল্লী সবুজায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে খাদ্যমন্ত্রী মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের তাঁর প্রয়াত পিতা হারুনার রশিদ খান মুন্নুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের প্রকৃত, সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে দেশ ও সমাজের জন্য যোগ্য মানুষ হয়ে উঠতে হবে।

কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকেরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ২৩:০১:২৩   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
সাধারণ মানুষের দল বিএনপিতে ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই : সমাজকল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ