এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না

প্রথম পাতা » ছবি গ্যালারী » এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব কিংবা কোনো ধরনের অপকর্মে জড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, অপরাধে জড়ালে তিনি মন্ত্রী-এমপি হোন কিংবা সাধারণ নেতাকর্মী, সবাইকে আইনের আওতায় ও জবাবদিহির মুখোমুখি হতে হবে।

রবিবার (১১ অক্টোবর) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী এই কঠোর নির্দেশনা দেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে মন্ত্রিসভার সদস্য এবং সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নেন।

বৈঠকে মূলত সরকারের গত আট মাসের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবন্ধকতা, নির্বাচনী এলাকার নানা সমস্যা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আইনশৃঙ্খলা ও দুর্নীতি রোধে কঠোর অবস্থান

বৈঠক সূত্রে জানা যায়, সরকার গঠনের পর গত আট মাসে কোন খাতে কী কাজ হয়েছে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কী ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে, তা নিবিড়ভাবে জানতে চান প্রধানমন্ত্রী। তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব কিংবা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কেউ যাতে দল ও সরকারকে বিব্রত করতে না পারে, সে বিষয়ে জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। বিএনপির নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে কোনো ছাড় দেওয়া হবে না।

হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সরকারি অর্থের প্রতিটি পয়সার যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও দলীয় কৌশল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই নির্বাচনে দলীয় প্রতীক ছাড়াই ভোট অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি তৃণমূলের সঙ্গে সমন্বয় করে জনপ্রিয়, যোগ্য এবং স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ার নির্দেশ দেন। নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ ও উৎসবমুখর হবে এবং কেউ কারচুপির সুযোগ সৃষ্টি করতে পারবে না বলে জানান তিনি।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের মতামতের ভিত্তিতে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। তৃণমূলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে দল সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষা ও নিরাপত্তা

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিজ নিজ এলাকায় সংসদ সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পূজাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং জাপানের শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের বিনিয়োগ সম্প্রসারণ, দ্বিতীয় কাফকো (KAFCO) স্থাপন এবং জাতীয় বন্দর কৌশল প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১১:৫২:৩৫   ২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ