
রাজবাড়ী জেলা প্রতিনিধ : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজবাড়ীর কালুখালীতে জনসমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের উদ্যোগে কালুখালী উপজেলার রতনদিয়া রজনিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক খন্দকার মশিউর রহমান চুন্নু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুমা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান এবং সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম।
এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে রাজবাড়ী জেলা বিএনপি এবং রাজবাড়ী-২ আসনের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা অগ্নিসংযোগের অপচেষ্টা চালানো হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, কেউ শান্তিপূর্ণভাবে এলাকায় বসবাস করতে চাইলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে সোপর্দ করা হবে।
জনসমাবেশে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে যোগ দেন। এ সময় পুরো সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ২১:৩৮:৪৫ ২০ বার পঠিত