বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬



মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, মৎস্যসম্পদ সংরক্ষণ, বিলুপ্তপ্রায় দেশীয় মাছের প্রজাতি রক্ষা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতের উন্নয়নে গবেষণার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দেশের মৎস্য ও কৃষি খাতকে আরো এগিয়ে নিতে বাস্তবসম্মত পরিকল্পনা ও কার্যকর প্রস্তাবনা প্রয়োজন।
এ ক্ষেত্রে গবেষক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ে কাজ করা ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে চাঁদপুর নদী কেন্দ্র মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, আমি বাস্তববাদী ও খেটেখাওয়া মানুষ। দেশের ৭৫ ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত।
আগামী দিনগুলোতে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব। এ জন্য আপনাদের কাছ থেকে বাস্তববাদী প্রস্তাবনা প্রয়োজন। গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে মৎস্য ও কৃষি খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরো বলেন, এ সরকার জনগণের নির্বাচিত সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সরকার। দেশটা আপনার, আমার আমাদের সবার। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মৎস্য গবেষণার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের নদ-নদী ও জলাশয়ে মাছের বৈচিত্র্য রক্ষা এবং উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই।
মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল ও ফলপ্রসূ করতে হবে। গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্য ও সুপারিশ বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা গেলে দেশের মৎস্য খাত আরো সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সালিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:০০:১১   ৮ বার পঠিত