
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পারিবারিক কবরস্থানে লাগানো এক দিনমজুরের ৮টি ইউক্যালিপটাস গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ করলে বা আইনগত ব্যবস্থা নিলে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া মণ্ডলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামেরপাড়া গ্রামের মৃত সমন আলী মণ্ডলের তিন ছেলে সিরাজ আলী, আছর আলী ও বিরাজ আলীর সঙ্গে তাদের চাচা আব্দুল আজিজ ওরফে আহালুর দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরেই আহালু মণ্ডল স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির উপস্থিতিতে ও সহযোগিতায় গাছগুলো কেটে বিক্রি করে দেন।
স্থানীয়দের অভিযোগ, মহাদান ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় মাতাব্বরি ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ও সচেতন মহল বিষয়টি প্রশাসনিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী বিরাজ আলী বলেন, ”এই জমিটি আমরা বাপ-দাদার আমল থেকেই চাষাবাদ করে আসছি। পশ্চিম পাশের কিছু অংশে আমাদের পারিবারিক কবরস্থান রয়েছে, যেখানে বাবা, বড় ভাবি ও ভাতিজিকে দাফন করা হয়েছে। বাবা জীবিত থাকাকালীন চাচা কিছু বলেননি; কিন্তু গত দুই বছর ধরে জমিটি দাবি করে হালচাষে বাধা দিচ্ছেন। এ নিয়ে একাধিকবার শালিস হলেও চাচা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। স্থানীয়দের পরামর্শে আমন ধানের আবাদ করলেও ধান কাটার সময় বিষয়টি না জানানোয় ক্ষিপ্ত হয়ে প্রথমে ৭ হাজার এবং পরে ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় চাচাকে উস্কানি দিয়ে প্রায় লাখ টাকার গাছ মাত্র ৫৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। আমি এই অন্যায়ের বিচার চাই।”
অভিযুক্ত আব্দুল আজিজ ওরফে আহালু মণ্ডল দাবি করেন, জমিটি তিনি ভাইদের কাছ থেকে কিনেছেন। তার ভাষ্যমতে, গাছ বিক্রির ২৫ হাজার টাকা তিনি পেয়েছেন এবং বাকি টাকা স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম (৬৫) বলেন, আহালু মণ্ডল লোকজন দিয়ে বিরাজ আলীদের গাছ কেটে নিয়েছেন, যা মোটেও ঠিক হয়নি।
ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২:১২:৩১ ১ বার পঠিত