![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা শাখা নদীর ওপর ২৭৮.৩০ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন আরসিসি গার্ডার সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার চর সরিষাবাড়ী খেয়াঘাট এলাকায় জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
এলজিইডির ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় আরামনগর জিসি-ঘোড়ামারা বাজার সড়কের ১৫২০ মিটার চেইনেজে এ সেতুটি নির্মাণ করা হচ্ছে। এতে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে এবং ২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে এর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সেতুটি নির্মাণের দায়িত্বে রয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ।
উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি প্রকাশ করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক (অব.) আবদুল আউয়াল, সাতপোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খুশু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মন্টু, স্থানীয় ইউপি সদস্য শাকিল আহমেদ, মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের পক্ষে ইঞ্জিনিয়ার আসিফ শাহরিয়ার ও সবুজ সাহা।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ইউপি সদস্য হাসানুর রহমান স্বপন ও সুলতান মাহমুদ।
দীর্ঘদিন ধরে যমুনা শাখা নদী পারাপারে স্থানীয় বাসিন্দারা যে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন, সেতুটি নির্মিত হলে তার অবসান ঘটবে। এটি তৈরি হলে এলাকার যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিপণ্য পরিবহনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা সামগ্রিক আর্থসামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় জনগণ।
বাংলাদেশ সময়: ১৭:০৪:২৪ ১৩ বার পঠিত