মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সালথায় যুবলীগের কমিটিতে নাম, পদ অস্বীকার করলেন ইসলামী আন্দোলনের নেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় যুবলীগের কমিটিতে নাম, পদ অস্বীকার করলেন ইসলামী আন্দোলনের নেতা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬



সালথায় যুবলীগের কমিটিতে নাম, পদ অস্বীকার করলেন ইসলামী আন্দোলনের নেতা

সালথ (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সদ্যঘোষিত কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক পদে নাম অন্তর্ভুক্তির বিষয়টি অস্বীকার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন শাখার সভাপতি এস এম মঞ্জুরুল ইসলাম। ওই কমিটির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে নিজের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সালথা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন এস এম মঞ্জুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সদ্যঘোষিত সালথা উপজেলা যুবলীগের কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক পদে যে নাম উল্লেখ করা হয়েছে, সেটি তাঁর। তবে তিনি ওই পদ গ্রহণ করেননি এবং এ বিষয়ে কারও সঙ্গে কোনো আলোচনা করেননি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

মঞ্জুরুল ইসলাম আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং ভবিষ্যতেও এ দলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। যুবলীগের কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্তির খবর ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এ কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট কমিটিতে তাঁর নাম কীভাবে অন্তর্ভুক্ত হয়েছে, তা খতিয়ে দেখার আহ্বান জানান। পাশাপাশি এ ঘটনা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু ও যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ সুলতান রাহাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৩১   ৯ বার পঠিত