
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে শারদীয় দুর্গোৎসবে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন। এ সময় তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার আয়োজনকে আরও উৎসবমুখর করতে আর্থিক সহায়তা প্রদান করেন।
উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে তিনি পূজার সার্বিক আয়োজনের খোঁজখবর নেন। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান।
এ সময় অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। ধর্ম যার যার, উৎসব সবার। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আমি চাই, আলফাডাঙ্গার প্রতিটি পূজামণ্ডপে আনন্দ, উৎসাহ ও নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গোৎসব উদ্যাপিত হোক।
তিনি আরও বলেন, আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই। ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য। মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বজায় থাকলে আলফাডাঙ্গা আরও সুন্দর ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখব।
পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়। আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তিনি দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এলাকাবাসীর মধ্যে সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের প্রত্যাশা ব্যক্ত করে অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণেই গড়ে উঠতে পারে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ আলফাডাঙ্গা।
বাংলাদেশ সময়: ১৬:২৩:০২ ৭ বার পঠিত