
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
এছাড়া সৌদি আরবে বাংলাদেশের মিশনগুলোর সেবার মান বাড়াতে মন্ত্রণালয়ের আধুনিকায়ন পরিকল্পনা কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়।
আজ জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে সম্প্রতি সৌদি আরবে দুইজন বাংলাদেশি নাগরিকের শিরচ্ছেদের বিষয়ে কমিটি মন্ত্রণালয়ের নিকট জানতে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে অবহিত করে যে, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের নিকট বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। কমিটি তথ্য প্রাপ্তির সঙ্গে সঙ্গে ঘটনার পূর্ণ বিবরণ, ভবিষ্যতে অনুরূপ ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে কমিটিকে অবহিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহের কার্যক্রম ও জনবল বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটির নিকট বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের বর্তমান অবস্থা, মিশনসমূহের প্রধান কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স, শ্রমবাজারের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ সেবা এবং হজ কার্যক্রম বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করে।
বৈঠকে কমিটির সদস্য ও সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী এবং সানজিদা ইসলাম অংশগ্রহণ করেন। কমিটির বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে কমিটির দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
১৫৩তম আইপিইউ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ এবং কমিটির সভাপতির আইপিইউ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য কমিটির সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া সম্প্রতি কমিটি কর্তৃক কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আনুষঙ্গিক সহযোগিতার জন্যও মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৫৮:২০ ৫ বার পঠিত