![]()
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ নানা অনিয়মের দায়ে চারটি ওষুধের ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সদরপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার আশরাফ। এ সময় জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অননুমোদিত যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪৮ ধারার সংশ্লিষ্ট উপধারায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো:
খান ফার্মেসি: ১০,০০০ টাকা
লোকনাথ ফার্মেসি: ৮,০০০ টাকা
ভোলানাথ ফার্মেসি: ৫,০০০ টাকা
মেসার্স চৌধুরী মেডিকেল হল: ২,০০০ টাকা
অভিযানের খবরে চত্বর ফাঁকা, স্থানীয়দের অভিযোগ
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সদরপুর বাজারে প্রায় ৫০টির মতো ওষুধের ফার্মেসি রয়েছে। ভ্রাম্যমাণ আদালত আসার খবর ছড়িয়ে পড়তেই চারটি দোকান ছাড়া বাকি সব ফার্মেসি তড়িঘড়ি বন্ধ করে ব্যবসায়ীরা সটকে পড়েন। সুযোগ না পাওয়ায় কেবল ওই চারটি দোকানেই অভিযান চালানো সম্ভব হয়েছে। নিয়মিত তদারকির অভাবে কিছু অসাধু ব্যবসায়ী পুরান ঢাকার মিটফোর্ড এলাকা থেকে কম দামে নকল ওষুধ এনে বিক্রি করছেন বলেও স্থানীয়রা দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ রাখতে ‘সদরপুর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে দোকানপ্রতি ১ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত চাঁদা তোলা হয়েছে, যা দিয়ে ঊর্ধ্বতন মহলে তদবিরের চেষ্টা করা হয়।
ব্যবসায়ী সমিতি ও প্রশাসনের বক্তব্য
চাঁদা তোলা ও দোকান বন্ধের বিষয়ে জানতে চাইলে সদরপুর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হিরু (রাহাত) অভিযোগ অস্বীকার করে বলেন, “আজ অনেক ওষুধের দোকানের সাপ্তাহিক বন্ধের দিন, তাই দোকান বন্ধ দেখা গেছে। আপনি নিউজ করে যা পারেন করেন।”
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার আশরাফ বলেন, “মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ফার্মেসি চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। অসাধু উপায়ে ওষুধ বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাদেশ সময়: ২১:২৮:১৯ ৪২ বার পঠিত