বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত

প্রথম পাতা » চট্টগ্রাম » বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে নিয়ন্ত্রক জটিলতা, আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা দূর করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণকে যুক্তরাষ্ট্র সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ এই অঞ্চলের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে শুল্ক প্রক্রিয়া সহজ করা, অবকাঠামো উন্নয়ন, দুর্নীতি হ্রাস, আন্তর্জাতিক শ্রম অধিকার নিশ্চিত করা এবং পণ্যের গুণগত মান উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে।

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা ও আমদানি-রপ্তানি বাণিজ্যে বিভিন্ন অশুল্ক প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি বলেন, খাদ্যপণ্য আমদানিতে তেজস্ক্রিয়তা পরীক্ষার মতো কিছু বিধিনিষেধ পর্যালোচনা করে অপ্রয়োজনীয় বাধা দূর করা গেলে পণ্য খালাস দ্রুত হবে এবং দুই দেশের বাণিজ্য আরও গতিশীল হবে।

জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এলএনজি সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ ছাড়া পারমাণবিক প্রযুক্তি, বিশেষ করে ক্ষুদ্র ও মডুলার পারমাণবিক চুল্লির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতার সম্ভাবনা রয়েছে। কৃষিপণ্য, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং বিমান পরিবহনসহ সম্ভাবনাময় অন্যান্য খাতেও বাণিজ্য সম্প্রসারণে যুক্তরাষ্ট্র আগ্রহী।

ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে কার্যকর ভূমিকা রাখতে চট্টগ্রাম চেম্বারসহ ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম বন্দর, মাতারবাড়ী ও সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর, বে-টার্মিনাল এবং চট্টগ্রাম বিমানবন্দরকে আধুনিক বিমান চলাচল ও পণ্য পরিবহনকেন্দ্রে পরিণত করা গেলে চট্টগ্রাম আঞ্চলিক অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে পরিণত হবে।

তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের মোট ব্যয়ের বড় অংশ যায় লজিস্টিকস খাতে। এ খাতে ব্যয় ৬ থেকে ৭ শতাংশে নামিয়ে আনা গেলে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়বে। এ জন্য বাংলাদেশের বহুমাধ্যমভিত্তিক পণ্য পরিবহন খাতে মার্কিন বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।

চট্টগ্রামে তিনটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ও একটি বৃহৎ বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল রয়েছে উল্লেখ করে আমিরুল হক এসব অঞ্চলে মার্কিন বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা কামনা করেন। এর মাধ্যমে ২০৩৪ সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান তিনি।

চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বাংলাদেশের বস্ত্র খাতের পশ্চাৎ-সংযোগ শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধশিল্প, উচ্চপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিল্পে মার্কিন বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় অন্যদের মধ্যে মার্কিন দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর পল ফ্রস্ট, চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমেদ, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এম. এ. সালাম, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক এস. এম. আবু তৈয়ব, ডা. মইনুল ইসলাম মাহমুদ, রাহবার এ আনোয়ার, রকিবুর রহমান টুটুল, বর্তমান পরিচালক আকতার পারভেজ, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরআলী হোসেন এবং সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া রহমান গাজী বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২২:৫২:০৫   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ