![]()
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় নিজস্ব অর্থায়নে ৭৫ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করেছেন পৌরসভার মেয়র প্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙ্গা মডেল মসজিদের সভাকক্ষে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে অংশ নেন প্রতিযোগীরা। বিভাগগুলো হলো—৫ পারা, ১০ পারা, ২০ পারা, ৩০ পারা এবং ১০ বছর বয়সী হাফেজ। প্রতিযোগিতা শেষে পাঁচটি বিভাগের ৭৫ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের জন্য এসব পুরস্কারের ব্যবস্থা করেন মেয়র প্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফায়েক। প্রধান বক্তা ছিলেন তরুণ সমাজসেবক ও যুবসমাজের আইকন হিসেবে পরিচিত পৌরসভার মেয়র প্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন। বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা কওমি মাদ্রাসার উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ মিলন। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি হাফেজ ক্বারী ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি আশিকুর রহমান।
প্রধান বক্তা মুন্সী বিল্লাল হুসাইন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের প্রতি অবিচল থাকার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের কল্যাণে কাজ করতে হবে। দুর্নীতি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনের লক্ষ্যে ভালো কাজ করতে হবে।
তিনি আরও বলেন, কারও একটি ভুলের কারণে তাঁর সব ভালো দিক উপেক্ষা করা উচিত নয়। একটি সাদা কাপড়ে সামান্য দাগ লাগলে অনেক সময় মানুষ পুরো কাপড়টিকেই দোষারোপ করে। অথচ কাপড়ের বাকি অংশ পরিষ্কার থাকে। তাই মানুষের ভুলের পাশাপাশি তার ভালো দিকগুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
আয়োজকেরা জানান, পবিত্র কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া, হাফেজদের উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে কোরআন শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়বে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১১:০৩:৪২ ১৩ বার পঠিত