শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ সিয়াম ৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার: পুলিশ জানায় স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ সিয়াম ৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার: পুলিশ জানায় স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ সিয়াম ৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার: পুলিশ জানায় স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন

নারায়ণগঞ্জের বন্দর থেকে নিখোঁজ হওয়া চাঁপাইনবাবগঞ্জের তরুণ সিয়াম আলীকে (১৯) ঘটনার সাত দিন পর ঢাকার মুগদা এলাকা থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (৩০ অক্টোবর) অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি কোনো অপহরণের শিকার হননি, বরং স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন।

উদ্ধার হওয়া সিয়াম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বেগুনবাড়ি গ্রামের সাদিকুর রহমানের ছেলে।

পুলিশ ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, সিয়াম নারায়ণগঞ্জের বন্দর এলাকায় লেবার সরদার সহিদুল ইসলামের অধীনে গত ৩-৪ মাস ধরে কাজ করে আসছিলেন। গত ২৩ অক্টোবর তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হন। সিয়ামের সন্ধান না পেয়ে তার স্বজনরা লেবার সরদার সহিদুল ইসলামকে সন্দেহ করেন। পরবর্তীতে বিষয়টি সুরাহার লক্ষ্যে ও সিয়ামের সন্ধানে লেবার সরদার সহিদুল নিজেই বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৫৪০, তারিখ: ২৫/১০/২০২৬) দায়ের করেন।

নিখোঁজের ৭ দিন অতিবাহিত হলেও সিয়ামের কোনো হদিস না মেলায় বিষয়টি নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর দৃষ্টিগোচর হয়। তিনি অবিলম্বে ঘটনাটির তদন্ত ও নিখোঁজ তরুণকে উদ্ধারে জেলা ডিবি পুলিশকে নির্দেশ দেন।

এসপি’র নির্দেশনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম, পিপিএম-এর নেতৃত্বে একটি দল আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ সিয়ামের অবস্থান শনাক্ত করে। পরে শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানাধীন উত্তর মুগদা এলাকায় সফল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পারিবারিক বা ব্যক্তিগত কোনো কারণে সিয়াম নিজেই আত্মগোপন করে ছিলেন। উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে সিয়ামকে তার ভাই আমিনুল এবং লেবার সরদার সহিদুল ইসলামের জিম্মায় হস্তান্তর করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৪১   ২০ বার পঠিত