শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন

প্রথম পাতা » খুলনা » ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন

ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষণ করত। এখন জামায়াত তাদের মতো করেই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যে কারণে দলটির শীর্ষ নেতারা ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন। এটি জনগণ ভালোভাবে নেয়নি। জামায়াত যদি দাবী করে এ ধরনের বৈঠক হয়নি, তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক।

বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ঢাকা থেকে লংমার্চ নিয়ে তারা গোপালগঞ্জ হয়ে খুলনায় ঢুকবে। এরপর যশোর-ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ করবে। জামায়াতের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে জানিয়েছে, তারা গোপালগঞ্জে পথসভা করবে না। আওয়ামী লীগের ভয়ে তারা সেখানে পথসভা করবে না, এটি তো গ্রহণযোগ্য নয়। জামায়াত ইসলামীকে বলব, গোপালগঞ্জে পথসভা করে আপনাদের নৈতিকতার পরীক্ষাটা দিয়ে দিন।

দলটির নেতৃবৃন্দের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, আবার রাতে তাদের গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেন। এটা কখনোই আধিপত্যবিরোধী রাজনীতি হতে পারে না।

রাশেদ খাঁন বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের মধ্য দিয়ে বোঝা গেছে, মানুষ এখন জামায়াতের জান্নাতের টিকিটের বিষয়ে সচেতন হয়েছে। ওই এলাকার মানুষ দলটির বিভ্রান্তিকর প্রচেষ্টাকে লাল কার্ড দেখিয়েছে।

এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ইবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৩৭   ১৩ বার পঠিত