![]()
জামালপুর প্রতিনিধি : যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী মেহেদী হাসান, মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমীন বেগ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বাবলু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আন্নু মিয়া এবং উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সফল ও প্রশিক্ষিত যুবক-যুবতীরা বক্তব্য রাখেন।
বক্তারা যুবসমাজকে দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ১০ জন শিক্ষিত ও প্রশিক্ষিত যুবকের মাঝে ঋণের চেক, বিভিন্ন যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ এবং যুব নারীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, সফল উদ্যোক্তা হতে এবং পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদী ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২২:৫৬:৩৬ ৩৫ বার পঠিত