সোমবার, ২ নভেম্বর ২০২৬

আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে, সংবাদ সম্মেলনে নেতাদের ক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে, সংবাদ সম্মেলনে নেতাদের ক্ষোভ
সোমবার, ২ নভেম্বর ২০২৬



আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে, সংবাদ সম্মেলনে নেতাদের ক্ষোভ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরীণ মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। সাংগঠনিক নেতৃত্বকে পাশ কাটিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ও পৌর যুবদলের দায়িত্বশীল নেতারা।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহিন মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান এবং পৌর বিএনপির সহসভাপতি বাশারুল বারীর নেতৃত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রোববার (১ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা পৌর সদর বাজারের চলন্তিকা মিষ্টির দোকানের সামনের দোতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ তুলে ধরে ক্ষোভ ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, সংগঠনের দায়িত্বশীল নেতৃত্বকে পাশ কাটিয়ে কতিপয় ব্যক্তি যুবদলের নাম ব্যবহার করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। যুবদলের নিজস্ব সাংগঠনিক কাঠামো ও নিয়মতান্ত্রিক কার্যক্রম রয়েছে। সেই শৃঙ্খলা উপেক্ষা করে কর্মসূচি পালন করায় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পাশাপাশি সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
তারা বলেন, যুবদল একটি সুসংগঠিত রাজনৈতিক সংগঠন। দলের ত্যাগ, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি সম্মান রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারেন, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে নেতাদের দেওয়া তথ্যমতে, গত ৩১ অক্টোবর বিকেলে উপজেলা বিএনপির নেতৃত্বে ফরিদপুর-১ আসনের বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। তবে ওই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের কেউ উপজেলা ও পৌর যুবদলের দায়িত্বশীল কমিটির পদধারী নন বলে দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা। সাংগঠনিক পরিচয় ও অনুমোদন ছাড়া কীভাবে তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্যসচিব মো. ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক নোমিনুল ইসলাম সোহাগ, মো. মনির হোসেন ও আলীরাজ শরীফ, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মো. তরিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম মাহমুদুল হাসান ইয়াদ এবং পৌর শ্রমিক দলের সভাপতি মো. কায়েম শিকদার।
এ ছাড়া উপজেলা ও পৌর যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

জানতে চাইলে খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লা বলেন, যুবদল একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি দলের ইতিহাস, ঐতিহ্য ও আদর্শকে ধারণ করে। কাউকে ছোট করা বা বিভেদ সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়। মতপার্থক্য থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:২০:০১   ৩০ বার পঠিত