![]()
দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য (এমপি) খায়রুল কবির খোকন।
তিনি বলেন, বর্তমান সরকারের সফলতাকে ব্যর্থতায় পরিণত করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি অপশক্তি কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত পোশাকশিল্পকে অস্থিতিশীল করতে গার্মেন্টস কারখানার শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হয়েছে। একই সঙ্গে কারখানায় অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, নিষিদ্ধ সংগঠনের কথিত ফ্যাসিস্ট দোসর ও দালালরা পাশের একটি দেশের ইন্ধন ও মদদে বাংলাদেশে নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।
তিনি আরো বলেন, যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করেছে, সেই অপশক্তিও কথিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে মিলে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করছে। তারা নন-ইস্যুকে ইস্যু বানিয়ে অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে পুরো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
খোকন বলেন, এসব চক্রান্ত করে কোনো লাভ হবে না। জনগণ এখন অত্যন্ত সচেতন।
কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না।
শিক্ষার মান নিয়ে তিনি বলেন, বিগত দিনে শিক্ষার গুণগত মান না বাড়িয়ে শুধু পাসের হার বাড়িয়ে সস্তা জনপ্রিয়তা নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে বর্তমান সরকার শুধু পাসের হার নয়, শিক্ষার গুণগত মান বাড়াতে কাজ করছে।
তিনি বলেন, দলীয়করণ থেকে শিক্ষাকে মুক্ত করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা না থাকলে দলীয় বিবেচনায় কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হবে না।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান মাহবুবুল আলম, জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া ও রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি এবং জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।
এর আগে অতিথিরা কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
বাংলাদেশ সময়: ১৭:২৭:২০ ৯ বার পঠিত