![]()
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে ৩০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন করা হয়েছে। এতে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
সোমবার (২ নভেম্বর) প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা, দক্ষ জনশক্তি তৈরি এবং অনলাইনভিত্তিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির বিকাশে কর্মসংস্থানের ধারণায় ব্যাপক পরিবর্তন এসেছে। প্রচলিত চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
এ সুযোগ কাজে লাগাতে তরুণদের দক্ষতা, সৃজনশীলতা, ইংরেজিতে যোগাযোগ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান জেলা প্রশাসক।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের বিকল্প নেই। বিশেষ করে ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন।
প্রশিক্ষণার্থীদের নিয়মিত ও মনোযোগীভাবে প্রশিক্ষণে অংশ নেওয়া, হাতে-কলমে কাজ শেখা এবং অর্জিত দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২৩:৪৯:৩৮ ১৬ বার পঠিত