হামের টিকা আমদানি না করার দায়ে জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হামের টিকা আমদানি না করার দায়ে জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



হামের টিকা আমদানি না করার দায়ে জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় হামের নিয়মিত টিকাদান কর্মসূচি কেন বন্ধ রাখা হয়েছিল এবং জরুরি ভিত্তিতে কেন টিকা আমদানি করা হয়নি—সে প্রশ্ন তুলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, এর পেছনে চরম প্রশাসনিক অবহেলা ও দায়িত্বহীনতা জড়িত। দায়ীদের চিহ্নিত করে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করতে এরই মধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক আন্তর্জাতিক গবেষণা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ দিনের মাথায় আমরা দেশে হামের নজিরবিহীন প্রাদুর্ভাব দেখতে পাই। অনুসন্ধানে দেখা যায়, ২০২৪ সালের শেষ বা ২০২৫ সালের শুরুতে যে জাতীয় টিকাদান ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, তৎকালীন সরকার তা পরিচালনা করেনি। এমনকি মন্ত্রণালয়ে আপদকালীন কোনো মজুতও (স্টক) রাখা হয়নি।

প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, কারা এমন দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কেন প্রয়োজনীয় টিকা আমদানি করা হলো না, তা দেশবাসীর জানা জরুরি। আমরা কোনো দোষারোপের রাজনীতি করতে চাই না। তবে দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলার কারণে কোনো শিশুর জীবন যেন অকালে ঝরে না যায়, সেজন্যই একজন বিচারক ও বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি পুরো প্রক্রিয়াটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে।

টিকা সংকট উত্তরণের বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, দায়িত্ব নেওয়ার পরপরই সরকার জরুরি ভিত্তিতে দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করে মাত্র এক থেকে দুই মাসের ব্যবধানে। এরই মধ্যে প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে টিকার আওতায় এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সরকার।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশে তরুণদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি নিয়ে উদ্বেগ জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, অতিরিক্ত মানসিক চাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ধূমপান ও শরীরচর্চার অভাবে কম বয়সেই বহু মানুষ হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন, যা একক ব্যক্তির চেয়ে পুরো পরিবারের ওপর বিপর্যয় ডেকে আনছে।

তিনি আরও জানান, দূরদূরান্তের হৃদরোগীরা যাতে নিজ বাড়িতে বসেই সাশ্রয়ী পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যে যুক্তরাজ্য, বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ উদ্যোগে পাঁচ বছর মেয়াদি ‘অ্যাক্রস-বিডি’ গবেষণা প্রকল্প শুরু হয়েছে। এর মাধ্যমে দেশের আটজন তরুণ চিকিৎসক ও গবেষক আন্তর্জাতিক পর্যায়ে পিএইচডি করার সুযোগ পাবেন। একই সঙ্গে অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৫২   ৪ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসন ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন বৈঠক
জ্বালানি আমদানির চাপ কমাতে দেশজুড়ে সৌরবিদ্যুৎ আন্দোলনের ডাক মন্ত্রীর
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটি নির্মাণে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য - স্পীকার
পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসাসেবা চালু হচ্ছে ঢাকার পাঁচ হাসপাতালে
এআই উদ্ভাবনে সক্ষম বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
শফিকুল ইসলাম মিল্টন: দেশ অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না
আইসিসিবিতে ১২ দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু
নারীদের স্বাবলম্বিতা নিশ্চিত করতে শিক্ষা থেকে কর্মক্ষেত্রে সুযোগের আহ্বান জুবাইদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ