
রাজনৈতিক ও দলীয় পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা এবং উন্নয়ন সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও চীন।
বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের অব্যাহত সমর্থন চেয়েছে বাংলাদেশ।
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সম্মানে আয়োজিত এক প্রাতরাশ বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের আয়োজন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ সময় ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ কাঠামোর আওতায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে চীনের অব্যাহত কূটনৈতিক সমর্থন কামনা করেন।
এ ছাড়া রাজনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ, দলীয় পর্যায়ে সহযোগিতা জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং উন্নয়ন অংশীদারত্ব আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।
বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে উভয় পক্ষ চলতি বছরের জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করে।
লিউ হাইশিং চীনের পররাষ্ট্রনীতিতে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুসংহত করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে তার বিভাগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অব্যাহত রাজনৈতিক সংলাপ, প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে চীনের আগ্রহের কথাও জানান তিনি।
আলোচনাকালে লিউ হাইশিং তার বাবা লিউ শুচিংয়ের অবদানের কথা স্মরণ করেন। লিউ শুচিং বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
লিউ হাইশিং জানান, দুই দেশের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারে তার বাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
রাজনৈতিক সম্পৃক্ততা গভীর করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে চীনের মন্ত্রী তিন দিনের সফরে গত ৩ নভেম্বর ঢাকায় আসেন।
বাংলাদেশ সময়: ১৬:৩৫:০৮ ৬ বার পঠিত #বাংলাদেশ-চীন সম্পর্ক #বাণিজ্য ও বিনিয়োগ #রোহিঙ্গা প্রত্যাবাসন #লিউ হাইশিং