![]()
শুধু আইন প্রয়োগ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ ক্ষেত্রে পরিবারকেই প্রধান ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক মো. হাসান মারুফ। তিনি বলেন, মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ করে সন্তানদের চলাফেরা, বন্ধুমহল, ধূমপানের অভ্যাস এবং অনলাইন কার্যক্রমের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
করোনা মহামারির সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ীরা অনলাইন প্ল্যাটফর্মকে মাদক কেনাবেচার মাধ্যম হিসেবে ব্যবহার করছে। টেলিগ্রামে কিউআর কোড পাঠিয়েও মাদক বিক্রির ব্যবস্থা করা হচ্ছে।
এমনকি দেশের একটি পরিচিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে টিএইচসি-সমৃদ্ধ তেল বিক্রির ঘটনায় মামলা করেছে অধিদপ্তর।
তরুণ প্রজন্মকে মাদকের আসক্তি থেকে দূরে রাখতে পরিবারের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে হাসান মারুফ বলেন, সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, কীভাবে সময় কাটাচ্ছে এবং নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে কি না, সেসব বিষয়ে অভিভাবকদের খোঁজখবর রাখতে হবে।
বিশেষ করে ষষ্ঠ-সপ্তম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত সময়টি শিশু-কিশোরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ সময়: ১৬:৩৫:২৮ ১৭ বার পঠিত #অনলাইন মাদক ব্যবসা #মাদক প্রতিরোধ #মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর #মো. হাসান মারুফ